মাগুরার মহম্মদপুর উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাগুরা-মহম্মদপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন পুলিশ। 

নিহতরা হলেন, উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া এলাকার আব্দুর সালামের ছেলে ইজিবাইক চালক রাব্বি (৩০), একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাবনপাড়া এলাকার আব্দুর রশিদ মণ্ডলের ছেলে জসিম উদ্দিন মণ্ডল এবং বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৬০)। 

মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুলিয়াস জানান, আজ রোববার দুপুর সাড়ে ১২টায় মহম্মদপুরগামী একটি বাস মাগুরা-মহম্মদপুর আঞ্চলিক সড়কের কানুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় নির্মল বিশ্বাস ও বেবি নাজনিনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো পথে মারা যান। 

তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া বাকিরা মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন বলে জানান তিনি। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বণিক বার্তাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।