কুমিল্লায় প্রথমবারের মতো তুলা চাষ শুরু হয়েছে। সদর দক্ষিণ উপজেলার কৃষক আবু তাহের ৩৩ শতক জমিতে আবাদ শুরু করেছেন। গতকাল দুপুরে তার জমি পরিদর্শন ও প্রণোদনা দিয়ে চাষের কার্যক্রম উদ্বোধন করে তুলা উন্নয়ন বোর্ড।
কৃষক আবু তাহের বলেন, ‘কুমিল্লায় আগে কখনো কেউ তুলা চাষ করেনি। শুরুতে ভয় থাকলেও তুলা উন্নয়ন বোর্ডের সহায়তা ও প্রশিক্ষণ আমাকে উদ্বুদ্ধ করেছে। ঢাকা থেকে আমাকে সিবি হাইব্রিড-১, ডিএম-৪, রুপালি-১ জাতের বীজ দিয়েছে। পরে রাসায়নিক সার ও কীটনাশক দিবে। এ বছর ৩৩ শতক জমিতে তুলা আবাদ করেছি। ভালো ফলন পেলে আগামীতে আরো বেশি তুলা চাষের পরিকল্পনা রয়েছে।’
এ ব্যাপারে তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দীন বলেন, ‘২০৫০ সালের প্রেক্ষিত পরিকল্পনার অংশ হিসেবে তুলা চাষের এলাকা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। এর আলোকে প্রথমেই কুমিল্লা অঞ্চলে তুলা চাষের সূচনা করা হলো।’










