মাগুরায় গড়াই নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ১৩টি নৌকা অংশ নেয়। করোনার মহামারীতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এ উৎসব ঘিরে গড়াই নদীর দুপাড়ে বসেছে মেলা। তিনদিনব্যাপী এ মেলায় শিশুদের আনন্দ বাড়াতে বসেছে নৌকা দোলা ও নাগরদোলা।

আজ শনিবার বিকেলে মাগুরা শ্রীপুর আন্তঃইউনিয়ন ‘আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা গড়াই সেতুর মাগুরা ওয়াপদা এলাকায় অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান প্রমুখ।

নৌকা বাইচে বিজয়ী হয়েছে গয়েশপুর দল। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করেছে কামারখালী ও ৩য় স্থান কছুন্দি ইউনিয়ন পরিষদ।

সন্ত্রাস ও মাদক মুক্ত করতে সুস্থ্য বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার কোন বিকল্প নেই উল্লেখ করে প্রতি বছর এই দিনে নৌকা বাইচ প্রতিযোগিতার ঘোষনা দেন সংসদ সদস্য শিখর।