আগে রাজাকারদের তালিকা তৈরির আইনগত বৈধতা ছিল না। তবে এখন সংসদে এ আইন পাস হয়েছে এবং রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মাদ্রাসার ইসলামি সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আরো বলেন, ‘‌যে সব অ-মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

মুক্তিযোদ্ধা না হয়েও এতদিন যারা ভাতা নিয়েছেন, তাদের শাস্তি দিতে না পারলেও ভাতা ফেরত নেয়ার হুঁশিয়ারিও দেন মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘‌বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন আপিলের কাজ চলছে।’

এছাড়া সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৭ শতাধিক গণকবর শনাক্ত করে তা সংরক্ষণের প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী।

মুক্তিযুদ্ধের নাম দিয়ে তৈরি হওয়া কিছু সংগঠনের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে মোাজাম্মেল হক বলেন, এসব সংগঠনের কোনো স্বীকৃতি নেই। সরকারের কোনো অনুমোদন নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন নেই। মুক্তিযোদ্ধা সংসদ থেকেও কোনো অনুমোদন নাই। যে যা করছে নিজ উদ্যোগে করছে।