মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠের মধ্যে দুরপাল্লার যাত্রীবাহী বাস ও খোয়া ভাঙা যান দুর্ঘটনায় ওয়াসিম মিয়া (৩৩) এবং জাফর আলী (৩৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের বাড়ি আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়ায়। তারা শ্যালক-দুলাভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক হিসেবে আমঝুপি গ্রামের আব্দুল জব্বারের ইটের খোয়া ভাঙা যান (ইটভাঙা মেশিন) নিয়ে বিভিন্ন স্থানে কাজ করেন ওয়াসিম ও জাফর। ওই যান মেরামতের জন্য আজ ভোরে তারা দু’জন বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছলে ঢাকা থেকে মেহেরপুরগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অপরদিকে ঘটনাস্থলেই ইট ভাঙা যানটিতে থাকা ওয়াসিম ও জাফরের মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। অপরদিকে ক্ষতিগ্রস্থ যান দু’টি উদ্ধারের কাজ চলছে।










