নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে ফাহিম মিয়া (৩০)।
স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইকে করে তারা তিনজন মাধবদী থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির একটি বাস ইজিকাইকটিকে চাপা দেয়। এ সময় দুজন ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যায় আরো একজন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুত গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগী।










