পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট। সাধারণ মানুষ যাতে ঈদের সময় তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইফতার, তারাবি ও সাহরির সময় এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়।’ 

গতকাল পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইজিপি এ কথা বলেন।

যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘রোজায় ইফতারের আগে যানজট নিরসনে স্বয়ং ডিএমপি কমিশনার নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিক সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন। পাশাপাশি রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা সুনিশ্চিত করতে সারা দেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।’

মাদকের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ‘এসব ক্ষেত্রে পুলিশের কোনো সদস্য যদি জড়িত থাকে, সেক্ষেত্রেও শূন্য সহিষ্ণুতার নীতি দেখানো হচ্ছে।’

এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।