নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ গ্রুপের ময়দার কারখানার মেশিনের ভেতরে পড়ে রাজু (২৬) ও অন্তু (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপুর ১২টার দিকে কাজ করার সময় মেশিনের ভেতর পড়ে যান এ দুই শ্রমিক। কারখানার শ্রমিকরা জানান, আকিজ ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রির তৃতীয় তলায় মেশিনে কাজ করতে গিয়ে রাজু ও অন্তু পড়ে যান। বেলা ২টার দিকে মেশিনের পাইপ কেটে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে আকিজ ফ্লাওয়ার মিলের জিএমসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি।
বন্দর থানার ওসি ফখরুদ্দিন জানান, আকিজ ফ্লাওয়ার মিলে কাজ করার সময় পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মেশিনের পাইপের ভেতরে অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হয়েছে।










