বাইসাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী সাবিতা মাহাত। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা বাইসাইকেল চালিয়ে ঘুরে দেখবেন তিনি। গতকাল দুপুরে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাইসাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন ভ্রমণপিপাসু সাবিতা মাহাত। তিনি ভারতের পশ্চিমবঙ্গের তারাকেশ্বর এলাকার বাসিন্দা। সাবিতা বলেন, ‘নেপাল, ভুটান, শ্রীলংকা ভ্রমণ শেষে এবার আমি বাংলাদেশে সফর করতে এসেছি। এ লক্ষ্যে গত বছরের ৬ ডিসেম্বর কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করি আমি।’