পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। গতকাল ভোরে সূর্যোদয়ের আগে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে জোয়ারের পানিতে পুণ্যস্নান করে উৎসবের ইতি টানেন পুণ্যার্থীরা। স্নানের মাধ্যমে হাজার হাজার পুণ্যার্থী তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন ভগমান শ্রীকৃষ্ণের কাছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেড়শ বছরের পুরনো এ উৎসব শুরু হয়। এদিন সকাল থেকেই সারা দেশের সনাতন ধর্মালম্বীরা লঞ্চ, ট্রলার ও নৌকা করে দুবলার চরে আসতে থাকেন। সন্ধ্যায় পূজা, অর্চনা করেন। শুক্রবার মূল পূজা এবং মানত পরিশোধ করেন পুণ্যার্থীরা।

রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বলেন, ‘এবারের উৎসবে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা এসেছিলেন। পুণ্যস্নানের মাধ্যমে রাস পূজার আনুষ্ঠানিকতা শেষ করেছি আমরা। এর পরই লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পুণ্যার্থীরা গন্তবে ফিরেছেন।’