ভারতে লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে গ্রেফতার হলেন রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রাতে তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দিল্লি হাইকোর্ট গতকাল আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার থেকে সুরক্ষা দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টা পরে ইডির একটি দল তার বাসভবনে ঢোকে। সেখানে অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ আইনে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডির কর্মকর্তারা।

গতকাল সন্ধ্যা ৭টায় তার বাড়িতে পৌঁছায় ইডি। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তার সেলফোন। রাত ৯টা নাগাদ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। আজ আদালতে হাজির করা হবে কেজরিওয়ালকে।

অভিযোগ উঠেছে, তিনি নয়বার ইডির সমন এড়িয়ে গেছেন। কেজরিওয়ালকে গ্রেফতারের পর তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা। ভারতের রাজধানীজুড়ে প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়। কেজরিওয়াল স্বাধীন ভারতের ইতিহাসে গ্রেফতার হওয়া প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল জেলে বসেই দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে আম আদমি পার্টি।