শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা একই দিনে ৫০০ জায়গায় বোমা দেখতে চাই না। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিনে ১০০টা সেতু, সড়ক উদ্বোধন করছেন। আমরা তাই দেখতে চাই। আমরা চাই না সরকারের উচ্চপর্যায়ে যারা থাকেন তাদের পরিবার এতিমের অর্থ আত্মসাৎ করবে। এটি আমরা আর কোনোদিন দেখতে চাই না। সেজন্য বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের ধারাবাহিকতা দরকার। আজকে আমরা যে অবস্থায় আছি, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা আরো ভালো অবস্থায় থাকব। যদি এ সরকারের ধারাবাহিকতা থাকে।’ 

গতকাল দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ইউরোপে যে যুদ্ধ চলছে, সে কারণে বিশ্বে এখন দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি। কোথাও কোথাও খাবারই পাওয়া যাচ্ছে না। কিন্তু আল্লাহর অশেষ রহমত, কৃষকদের কৃতিত্ব, সরকারের সঠিক নীতি, সঠিক সহায়তা এবং বঙ্গবন্ধু কন্যার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে আজ কোনো খাদ্যের অভাব নেই। আজকে বাংলাদেশে খাদ্য উৎপাদন হচ্ছে এবং মানুষ খাদ্য পাচ্ছে।’

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক সংগঠন বালিয়া ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা প্রমুখ।