ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নবম নন-ফিকশন বইমেলা । আজ শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের কাছে নন-ফিকশন বই সহজে ও সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। তিনি বলেন, ১১ বছর ধরে এ মেলার আয়োজন করা হচ্ছে। অমর একুশে বইমেলায় সব ধরনের বই থাকলেও এ মেলার মূল উদ্দেশ্য, দেশে প্রকাশিত সব গবেষণাধর্মী ও তথ্যমূলক বইকে এক জায়গায় নিয়ে আসা।

তিনি আরো বলেন, বই মানুষের চিন্তার খোরাক জোগায় এবং অনুপ্রেরণার উৎস তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এ আয়োজন ভবিষ্যতে অন্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।

এবারের মেলায় মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, বাংলা একাডেমি, প্রথমা প্রকাশন, আদর্শ, ঐতিহ্য, অন্যপ্রকাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা। এ ছাড়া পাঠক সমাবেশ, বাতিঘর, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মতো প্রকাশনীগুলোও মেলায় তাদের বই প্রদর্শন করছে।

মেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সায়মা হক বিদিশা ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মাহমুদ ওসমান ইমাম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হক, ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম, সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসেন, আদর্শর প্রকাশক মাহবুবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ ও বাঙ্গালা প্রকাশনীর আফজালুল বাসার।

মেলায় আগতদের জন্য সব বইয়ের ওপর ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় দেয়া হচ্ছে। এ ছাড়া মেলার শেষ দিনে ক্রেতাদের জন্য একটি র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে। সেখানে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।