মৌলভীবাজারের রাজনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. সিরাজুল ইসলাম ছানা নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। তারা মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকালে পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, শেখ হাসিনা পদত্যাগের পর মধুর বাজারের নিয়ন্ত্রণ চলে যায় স্থানীয় বিএনপি নেতা পিন্টু সুলতানের সমর্থকদের হাতে। তারা আওয়ামী সমর্থক একজনের দোকান ভাংচুর করে। এসব বিষয়কে কেন্দ্র করে গতকাল সকালে সিরাজুল ইসলামের চাচাতো ভাই আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়া ও বিএনপি নেতা পিন্টু সুলতানের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা ঘটনাস্থলে এলে গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় সিলেট নেয়ার পথে তিনি মারা যান। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
সিরাজুল ইসলামের চাচাতো ভাই দেওয়ান মিয়া দাবি করেন পিন্টু সুলতানের লোকজন সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে।










