চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত চারজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে টানেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেন, একটি যাত্রীবাহী বাস পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এতে তিন থেকে চারজন আহত হয়েছেন। তবে টানেলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পতেঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদুল আলম বণিক বার্তাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাসটি টানেল কর্তৃপক্ষ উদ্ধার করে জব্দ করে রেখেছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি। এ ঘটনায় চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।