ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর এলাকা থেকে ১টি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ১শ’ গ্রাম গাঁজাসহ মো. শহীদুল (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার দিবাগত রাতে অধিদপ্তরের নবাবগঞ্জ সার্কেলের একটি দল তাকে আটক করে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, আটকৃত শহীদুল ওই গ্রামের মীর চাঁনের ছেলে। তিনি একজন মাদক ব্যবসায়ী।
মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টিকরপুর এলাকায় শহীদুলের বাড়িতে অভিযান চালিয়ে, তার ঘর তল্লাশি করে উদ্ধারকৃত রিভলবারটিতে ইউএসএ লেখা আছে। এ ঘটনায় শহীদুলকে আটক করে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অপরদিকে একই দিন নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামে অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজাসহ মো. মোস্তফা নামে আরেক যুবককে আটক করে মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত মোস্তফা ওই গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে। পরে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এই বিষয়ে মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, আটককৃত মো. শহীদুল ও মোস্তফা দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়েছে। নবাবগঞ্জকে মাদকমুক্ত উপজেলা গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।










