মাগুরার মহম্মদপুরে বাসচাপায় ইজিবাইকচালক রাব্বি বিশ্বাস (৩৫) ও যাত্রী জসিম উদ্দিন (২৪) নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন। নিহত রাব্বি মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে ও জসিম মণ্ডল একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাবনপাড়া গ্রামের রশিদ মণ্ডলের পুত্র।
মাগুরা সদর থানার এসআই জুলিয়াস জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা থেকে মহম্মদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি মাগুরা-মহম্মদপুর আঞ্চলিক সড়কের কানুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয়। ঘটনাস্থলেই ইজিবাইকচালক রাব্বি বিশ্বাস ও যাত্রী জসিম উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার ও গুরুতর আহতাবস্থায় ইজিবাইক যাত্রী নির্মল বিশ্বাস ও বেবি নাজনীনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আহত নির্মলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।










