ভোলার দৌলতখান উপজেলায় মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বিকালে মেঘনার হাজিরহাট পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেলেরা হলেন এরশাদ (৩৫) ও আকবর (৩৬)। তাদের বাড়ি উপজেলার চরপাতা গ্রামে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মমিন (২৫) নামের আরেক জেলে। এর আগে গতকাল সকাল থেকেই কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিমের ডুবুরি দল নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ২টার দিকে নয় জেলে ট্রলার নিয়ে মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় ঢাকা থেকে হাতায়াগামী তাসরিফ-২ নামের একটি লঞ্চের ধাক্কায় জেলেদের ট্রলারটি ডুবে যায়। এতে ছয় জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও তিন জেলে নিখোঁজ ছিলেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জেলেদের অভিযোগ দিতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।