পাবনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জালাল উদ্দিন (৪০) নামে দলটির এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শুকুর আলীর ছেলে।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরেই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা আয়োজন নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেমের সমর্থক জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে বেলা ১টার দিকে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘বিষয়টি শুনেছি। এখনো বিস্তারিত জানতে পারিনি। দলীয়ভাবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’