ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস চলন্ত অবস্থায় রোড ডিভাইডারে উঠে যাওয়ায় আহত হয়েছেন ১০ জন৷ আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের যাত্রাবাড়ীর কাজলাতে এ ঘটনা ঘটে।

বাসটি আইইটি থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে ক্যাম্পাসে যাচ্ছিল। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা শিক্ষার্থী ও চালক ছাড়া অন্য কেউ আহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটির চাকা চলন্ত অবস্থায় পাংচার হয়ে ডান দিকে হেলে রাস্তার ডিভাইডারের উপরে উঠে যায়৷ এতে শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাসচালক ইউনুস প্রধান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল মহিমা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আরিফুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিশির চন্দ্র দাস, চাইনিজ অ্যান্ড কালচার বিভাগের মাহবুব আলম ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের আমির হোসেন। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে চালক ইউনুস প্রধানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

দুর্ঘটনার শিকার শিক্ষার্থী আমির হোসেন বলেন, বাসটির চাকা ছিল মেয়াদোত্তীর্ণ৷ চাকা পরিবর্তনের জন্য একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও তা করা হয়নি৷ আজকে ফ্লাইওভারের ওপর যদি এই ঘটনা ঘটতো, তাহলে হয়তো আরো ভয়াবহ কিছু হতো।

মেয়াদোত্তীর্ণ চাকা পরিবর্তন না করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল হাসান বণিক বার্তাকে বলেন, আবেদনের পেয়ে যাচাই-বাছাই শেষে গত রোববার চাকা ইস্যু করা হয়েছে। কিন্তু এখনো লাগানো হয়নি।