ভুটানের পাথরের ভেতরে নিয়ে আসা ভারতীয় কাপড়সহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। ভারতীয় ওই ট্রাকচালককে আটক করা যায়নি। গতকাল ভোরে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয় বলে জানিয়েছেন রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল কাশেম।
বিজিবি জানায়, রংপুরের কটকিপাড়ার হেদায়েতুল ইসলাম ভুটান থেকে ওই পাথর আমদানি করেন। ১৭ ফেব্রুয়ারি কাস্টমস ও স্থলবন্দরের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পণ্য খালাসের জন্য ট্রাক দুটি স্থানীয় কলাবাগানে পাথর ক্রাশিং সাইটে নিয়ে যায়। ভোরে বুড়িমারী স্থলবন্দর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ট্রাক জব্দ করা হয়।
আমদানিকারক হেদায়েতুল ইসলাম বলেন, ‘পাথরবাহী দুটি গাড়ি বুড়িমারী স্থলবন্দরে প্রবেশের পর স্থানীয় দালালের মাধ্যমে শনিবার বিকালেই পাথর বিক্রি করে দিয়েছি। আমি একজন নতুন ব্যবসায়ী হিসেবে ষড়যন্ত্র বুঝতে পারিনি। আমাকে কেউ ফাঁসাতেই এমনভাবে পাথরের ভেতর ভারতীয় কাপড় আনতে পারে।’










