মাদারীপুরের শিবচরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী মাওলানা আব্দুর রহমানের (৩৭) মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোরে শিবচর উপজেলার দক্ষিণ বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামের একটি মসজিদের ইমামতি করতেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানা গেছে, প্রতিদিনের মতো আব্দুর রহমান ভোরে মোটরসাইকেলে বাড়ি থেকে মসজিদের উদ্দেশে রওনা দেন। পথে স্থানীয় আব্দুল জব্বার শিকদারের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে আরোহী মাওলানা আব্দুর রহমান মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।










