ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ শোল্লা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে গতকাল সকালে জামাই শাওন মোল্লা শাশুড়ি হামেদা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে। নিহত হামিদা ওই গ্রামের মহিদুল বেপারির স্ত্রী। পুলিশ জামাই শাওনকে আটক করেছে। শাওন উলাইল গ্রামের কাদের মোল্লার ছেলে।

এলাকাবাসী জানায়, প্রায় এক বছর ধরে স্ত্রী তানিয়ার সঙ্গে শাওন ও তার পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিরাও অবগত আছেন।

এ কলহের জের ধরে গতকাল শাওন তার শাশুড়ি হামেদা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে বাধা দিতে গেলে নিহত হামেদার মেয়ে তানিয়া ও ছেলে হাসানকেও কুপিয়ে জখম করে শাওন। তারা দুজনই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে স্বজনরা জানায়।

নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, সংবাদ পেয়ে পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক শাওন মোল্লাকে জনগণের সহায়তায় পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।