মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়রের মাকহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সানা মাঝি মধ্য মাকহাটি এলাকার মোহাম্মদ মাঝির ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে মাকহাটি এলাকার সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় সানা মাঝি মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের বুকের উপর একটি পাইপগান রাখা ছিল।

নিহতের স্ত্রীর দাবি, পারিবারিক শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয় সানা মাঝিকে। পরে রাত ১১টার দিকে সড়কে মরদেহ পরে থাকার খবর পান তারা।

এদিকে এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা বাবু মাঝি ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে একটি পোষ্টও করেছের বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করিম জানান, রাত ৩টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে মরদেহ নিয়ে আসা হয়। এ সময় তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।