মাদারীপুরে বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে সদর উপজেলার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫) ও সাতক্ষীরার বাসিন্দা এন্তাজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫)। তারা দুজনেই মাদারীপুর সদর উপজেলায় ধান কাটা ও ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াপুর ইউনিয়নে সোবাহান ফকিরের ইটভাটায় কাজ করছিলেন খুলনার কয়রা থেকে আসা কাজল মোল্লা। বিকালে ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড় ও বজ্রপাত হলে ইট ভাটায় বজ্রপাতে আহত হন তিনি। এরপর দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে সাতক্ষীরার বাসিন্দা হাফিজ মোড়ল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের শাজাহান সিংয়ের বাড়িতে ধান কাটতে এসেছিলেন। ঘূর্ণিঝড়ের মধ্যে শাজাহান সিংয়ের বাড়ির কাছে বজ্রপাতে নিহত হন তিনি।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানিয়েছেন, সদর উপজেলায় বজ্রপাতে দুজনের নিহত হওয়ার ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।










