ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে নেত্রকোনায় সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা। এ সময় তারা ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস ও টিএসআই আকবর হোসেনকে প্রত্যাহারের দাবিও জানান।

গতকাল সকাল ১০টা থেকে পৌরসভার মূল সড়ক মোক্তাপাড়ায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় পুরো শহরের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। একপর্যায়ে ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল ও আকবর হোসেনকে প্রত্যাহার করা হয়। এর আগে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক তাদের প্রত্যাহারের বিষয়টি শ্রমিকদের সামনে ঘোষণা দেন। ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনরত শ্রমিকরা।

এর আগে সোমবার নেত্রকোনা শহরের কুড়পারে ট্রাফিক পুলিশের এসআই আকবরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে চাঁদা আদায় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকদের মারধর করেন ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা। এ সময় হাতাহাতিতে তিন শ্রমিক ও ট্রাফিক পুলিশের এক সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ শ্রমিক সোহেল সুমনসহ ১১ জনের নাম উল্লেখ করে সোমবার রাতে মামলা করে। মামলা প্রত্যাহার ও সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগ এবং দুই ট্রাফিক কর্মকর্তার প্রত্যাহার দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা।