সাভারে বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে বাসের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে দুপুরে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড সংলগ্ন এলাকায় যাত্রীদের মারধরে আহত হয়েছিলেন তারা।
নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের বাসের চালক সোহেল রানা বাবু (২৬) এবং তার সহকারী (হেলপার) হৃদয় (৩০)। সোহেল রানা গাজীপুরের টঙ্গী এলাকার ফোরকান হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে মিরপুর-১৪ নম্বরে থাকতেন। হৃদয় ময়মনসিংহের ফুলপুরের আবুল কাসেমের ছেলে। থাকতেন মিরপুর-১ নম্বরে।
নিহত হৃদয়ের বড় ভাই আতিকুর রহমান জানান, বিকাল ৪টার দিকে বাসের হেলপারের কাছ থেকে জানতে পারি, ইতিহাস পরিবহনে ঢাকার মিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত ভাড়া ৮০ টাকার মতো। ঈদ উপলক্ষে ১০০ টাকা নেয়া হচ্ছিল। সব যাত্রীকে ভাড়া বলেই বাসে ওঠানো হয়। একজন যাত্রী বাসে ওঠার পর ১০০ টাকা দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে হৃদয় ওই যাত্রীকে ভাড়া লাগবে না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই যাত্রী হৃদয়কে আশুলিয়া থানা এলাকায় পৌঁছলে ‘দেখে নেয়ার’ হুমকি দেন। বাসটি বেলা ৩টার দিকে আশুলিয়া থানাসংলগ্ন এলাকায় পৌঁছলে বহিরাগত ২০-৩০ জন ব্যক্তি ওই বাসে ওঠে। বাসটি কিছুদূর গিয়ে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় এসে যানজটে আটকা পড়লে তারা হৃদয়কে বাস থেকে নামিয়ে বাসের পেছনে নিয়ে ইট দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। এছাড়া চালককেও মারধর করে। এ সময় বাসের হেলপার ভয়ে দৌড়ে কিছুদূর গিয়ে অবস্থান নেন। পরে সে ফিরে এসে অন্যান্য যাত্রী ও পথচারীর সহায়তায় চালক ও হেলপারকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আতিকুর রহমান বলেন, ‘সামান্য ভাড়ার জন্য আমার ভাইসহ আরেকজনকে ওরা পিটাইরা মাইরা ফেলল। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, ‘বাড়তি ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে মারধরে বাসের চালক ও হেলপার মারা গেছেন। বাসের হেলপার জানিয়েছেন, মিরপুর থেকে ওঠা এক যাত্রী বাসের হেলপারকে হুমকি দিয়েছিলেন। পরে বাসটি ইপিজেড এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক, চালক ও হেলপারকে মারধর করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।’










