ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর গ্রামে গতকাল বিকালে রুনা বেগম (৩৫) নামে এক নারীকে ছিনতাইকারী হিসেবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পপি আক্তার (২৫) নামে আরেক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। এ সময় ওই গ্রামের বাসিন্দা জহুরা বেগম নামের এক নারীকে পুলিশ গ্রেফতার করেছে।

নিহত রুনা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মো. দুলালের স্ত্রী। আহত পপির স্বামী মো. নিজামের দাবি, পপি ও রুনা একই গ্রামের বাসিন্দা। গতকাল সকালে কাজ খুঁজতে তারা দুজনই নবাবগঞ্জে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে জহুরা বেগম ও তার স্বামী হযরত আলী করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্স হাসপাতালে যান। এ সময় জহুরার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়ার অভিযোগে হাসপাতাল থেকে রুনা ও পপি নামের দুই নারীকে ছিনতাইকারী সন্দেহে আটক করে ইজিবাইকযোগে তাদের নিজ বাড়ি বলমন্তচর গ্রামে নিয়ে আসেন। পরে জহুরা, হযরত আলীসহ তাদের স্বজনরা রুনা ও পপিকে গাছে বেঁধে হাতুড়ি দিয়ে শরীরে বিভিন্ন অঙ্গে আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই রুনা মারা যান।