আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় আবেদন মঞ্জুর করা হয়। গতকাল দুপুরে তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী। এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
দীপু মনির আইনজীবী জানান, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর কারাগার থেকে তাকে মুক্তির প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হবে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।










