রাজশাহীর বাঘায় রাতের আঁধারে একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় গুলি করে সোহেল রানা (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সোহেলের স্ত্রী ও মেয়ে।

নিহত সোহেল রানার ভাই জানান, রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘরের ভেতরে শুয়ে ছিলেন সোহেল। এ সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি সোহেলের পেটে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কয়েকটি গুলি সোহেলের স্ত্রী ও মেয়ের হাতেও লেগেছে।

বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, ‘গত বছর হওয়া একটি সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কয়েকজন নিহত হন। পুলিশ ও স্থানীয়রা বলছেন, সোহেলের হত্যাকাণ্ডের সঙ্গে ওই ঘটনার সম্পর্ক থাকতে পারে।