মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নাব্যতা কাপ্তাই হ্রদের প্রথম সংকট, এখানে ড্রেজিং লাগবে। আমার যেটা মনে হয়েছে, দূষণের ব্যাপারে খুব সচেতন নয়, কিন্তু কাপ্তাই হ্রদে দূষণ বাড়ছে। বিশেষ করে পয়ঃনিষ্কাশনের বর্জ্য যাচ্ছে। দূষণ মাছের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। হ্রদ খননের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে সভা করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের ৫০ কেজি করে চাল দেয়ার প্রস্তাবনা দেয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। মাছের গুনগত মান রক্ষায় বিএফডিসিকে পদক্ষেপ নিতে হবে। অবৈধ জাল (কারেন্ট জাল) উৎপাদন বন্ধে অভিযান চলমান রয়েছে। বিএফডিসি, মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনিস্টিউটের মধ্যে সমন্বয় করে মৎস্য উন্নয়নে কাজ করা হবে।

নির্বাচন প্রসঙ্গে এ উপদেষ্টা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সরকার নয়। প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেইভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।