নেত্রকোনায়  পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মদন উপজেলায় মান্দারকাটা হাওরের মাছ শিকার করতে গিয়ে রফিকুল ইসলাম নামে এক জেলে নিখোঁজ হন। গতকাল ভোর রাতে হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় আটপাড়া উপজেলার গণেশের হাওরে মাছ শিকার করতে গিয়ে বাতাসের তোড়ে নৌকা থেকে পানিতে পড়ে উপজেলার কৈলং গ্রামের দিলোয়ার হোসেন দিলু নামে একজন মারা যান। এদিকে জেলার মোহনগঞ্জ ডিঙ্গাপুতার হাওরেরও এক জেলে পানিতে পড়ে নিখোঁজ হন। গতকাল দুপুরে তার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে মদন, মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলার হাওরের মাছ শিকারিরা ঝড়ের কবলে পড়েন। এ সময় আটপাড়া উপজেলার গণেশের হাওরের এক জেলে, মদন উপজেলার মান্দাকাটায় এক জেলের মৃত্যু হয়েছে ও মোহনগঞ্জ উপজেলার দরুণ বানিহারী গ্রামের বজলু মিয়ার ছেলে রাসেল নামে এক মত্স্য শিকারি পানিতে ডুবে নিখোঁজ হওয়ার পর গতকাল দুপুরে তার মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী ও পুলিশ।