বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র উন্মুখ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেন। আজ মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ ২৬ মার্চ তাদের স্বাধীনতা দিবস উদযাপন করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।
ব্লিংকেন বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়া দেয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা করা এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলাসহ আজকের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। আমাদের অংশীদারি একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার আরো একটি বছর উদযাপন করছে, তখন আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং মানবাধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। এগুলো বাংলাদেশের সমৃদ্ধি বাড়াবে।
ব্লিনকেন বলেন, ‘আমি এ বিশেষ দিনে সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামীতে আমাদের দুই দেশের মধ্যে অংশীদারি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে উন্মুখ হয়ে আছি।’









