মৌলভীবাজারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমীরণ চন্দ্র দাস নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য ও তিন আসামিসহ আট জন। আজ শনিবার জেলার রাজনগরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার ভোরে রাজনগর উপজেলার যাদুরগুল এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করে পিক আপ ভ্যানে ফেরার পথে মৌলভীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় গাড়িতে থাকা ছয় পুলিশ ও তিন আসামির সবাই আহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক এসআই সমীরণ চন্দ্র দাসকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত পুলিশ কর্মকর্তা হবিগঞ্জ সদর উপজেলার পাঁচ পাড়িয়া গ্রামের বাবু লিলু দাসের  ছেলে।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়ার রহমান জিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনায় এসআই শওকত মাসুদ ভূঁইয়া, কন্সটেবল মাসুক, চালক আজীজ  ও আসামি লক্ষণ সাঁওতালের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আহত এসআই সোলাইমান, এএসআই জাহাঙ্গীর, আসামি কান্ত শাওতাল ও ময়না মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।