জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪-এ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মনে করেছিলাম দেশে পরিবর্তন আসবে। যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশের জনগণ রাজপথে নেমেছিল, হাজার হাজার ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত হয়েছে। আশা নিয়ে মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। সে স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার এক বছর হয়ে গেলেও একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হয়নি।
আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় পদযাত্রায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির পথসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সেই ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া কাঠামো এখনো রেখে দেয়ার চেষ্টা চলছে। সেই আগের সিন্ডিকেট দুর্নীতিবাজদের কৌশল করে রেখে দিতে চায়, কিন্তু নতুন বাংলাদেশের ছাত্র-জনতা তা কোনোদিনই হতে দেবে না। আমরা অভ্যুত্থান ঘটিয়েছি একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য নয়। আমরা অসম্পুর্ণ কাজ সম্পন্ন করার জন্যই মাঠে নেমেছি। আগামীতে নতুন রাষ্ট্র কাঠামো ও গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের এই যাত্রা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর বড় ময়দান থেকে পদযাত্রা করে তিনি দিনাজপুর ইনস্টিটিউটে এসে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মূখ্য সংগঠক আবু সায়েদ লিয়ন, এনসিপির যুগ্ন সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।










