লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের চার দিন পর সৎমায়ের বাবার বাড়ির রান্নাঘর থেকে আহম্মদ শাহ সাইফ (৩) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৎমা কোহিনূর বেগমকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নিহত শিশুর বাবা মিরন হোসেনের মামলার পর কোহিনূরকে আদালতে পাঠায় রামগঞ্জ থানা পুলিশ।
এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার উত্তর দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত মোবারক হোসেনের রান্নাঘরে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শিশু সাইফ চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার দক্ষিণ রায়চর গ্রামের মো. মিরন হোসেন ও শারমিন আক্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, গত শুক্রবার চাঁদপুর জিয়া নগরের বাড়ি থেকে নিখোঁজ হয় সাইফ। অনেক খোঁজাখুজির পর না পাওয়ায় গত রোববার হাজীগঞ্জ থানার সাধারণ ডায়েরি করে শিশুর বাবা। বিষয়টি রামগঞ্জ থানাকেও অবহিত করা হয়। পুলিশ তদন্তকালে সৎমা কোহিনূলকে জিজ্ঞাসাবাদ করে। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার বাবার বাড়ির রান্না ঘর থেকে সাইফের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন বলে জানান ওসি।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাইফের আড়াই বছর বয়সে প্রথম স্ত্রী শারমিন আক্তারকে তালাক দেন মিরন। বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে সৎমা কোহিনূর বেগমের কাছেই থাকত সাইফ। অন্যদিকে চাকরির সূত্রে ঢাকায় থাকেন মিরন।










