পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে ব্যাপকভাবে চাষাবাদ করতে কৃষককে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সরকার। তিনি বলেন, ইউরোপে চলমান যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যসংকট দেখা দিতে পারে, ভোজ্যতেল ও খাদ্যশস্য আমদানি কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। ভোজ্যতেলের চাহিদা পূরণে সরিষার চাষ করতে হবে। একই জমিতে ধান চাষ করতে হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
গতকাল মন্ত্রী মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত পরিবারের জীবন-মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা অনুদানের চেক, অসচ্ছল সংস্কৃতিসেবীর অনুকূলে কল্যাণ ভাতার চেক, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা ও রিংকু রঞ্জন দাশ প্রমুখ।










