শুল্কমুক্ত কোটায় আমদানীকৃত ডেনিম ফ্যাব্রিকসের ট্রাকে বিশেষভাবে লুকিয়ে আনা শাড়ি, থ্রিপিস, বাংলা মদ, ফেনসিডিল, সিগারেট, ওষুধ, কারেন্ট জালসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে যশোরের বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় ভারতীয় ট্রাকচালক জড়িত থাকলেও তাকে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল পণ্য চালানটি জব্দ করা হয়। জব্দ করা এসব ভারতীয় পণ্যের মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
আমদানীকৃত ডেনিম ফ্যাব্রিকসের আমদানিকারক ঢাকার অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড ও ফ্যাশন ফোরাম লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান। এ ঘটনায় বেনাপোলের শিমুল ট্রেডিং নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল করেছে বেনাপোল কাস্টম হাউস।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বন্ডের লাইসেন্সের মাধ্যমে ভারত থেকে ২৫৮ রোল ডেনিম ফ্যাব্রিকস আনা হয়। ওই ফ্যাব্রিকসের মধ্যে লুকিয়ে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত আমদানি নিষিদ্ধ মদ, ফেনসিডিল, ওষুধসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আনা হয়েছে। এ ধরনের সংবাদ পাওয়ার পর যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া ও ডেপুটি কমিশনার আসানুল কবিরের নেতৃত্বে ইনভেস্টিকেশন রিসার্চ ম্যানেজমেন্টের (আইআরএম) একটি টিম বেনাপোল বন্দর এলাকা থেকে ডব্লিউ বি-২৩সি-১৬১৫ নম্বরের একটি ভারতীয় ট্রাক জব্দ করে কাস্টম হাউসে নিয়ে আসে। পরে ট্রাকটি তল্লাশি করে ঘোষিত পণ্যের মধ্য থেকে আমদানি নিষিদ্ধ এসব পণ্য উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান ঘোষণাবহির্ভূত মালামাল জব্দের ঘটনা নিশ্চিত করে জানান, আমদানীকৃত পণ্যের মধ্যে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। যার বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি নামে একটি সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। তাছাড়া আইনি ব্যবস্থা চলমান আছে।
এদিকে স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্টরা জানান, ভারতীয় এক শ্রেণীর ট্রাকচালক দীর্ঘদিন ধরে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে বৈধ আমদানি পণ্যের সঙ্গে চোরাচালানি সিন্ডিকেটের অবৈধ পণ্য পাচার করে আসছে। এর আগে অসংখ্য ট্রাকচালক অবৈধ মালামালসহ বেনাপোল কাস্টমস ও বিজিবির হাতে ধরাও পড়েছে। অন্যদিকে পেট্রাপোল বিএসএফ ও পুলিশ ভারতীয় ট্রাকের মধ্য থেকে স্বর্ণ, ডলার, পাসপোর্ট, মোবাইল, রুপার গহনাসহ ট্রাকচালককে আটক করেছে। ভারতে ট্রাকচালক আটক হলেও বেনাপোলে ভারতীয় কোনো ট্রাকচালককে আটক করা হয় না।










