রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। তিনি বলেন, ‘ভোট গণনায় আমাদের তিনদিন সময় লাগবে না। আমাদের কাছে একটি দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে। ব্যালট বাক্স খোলা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপই উন্মুক্ত ক্যামেরার সামনে সম্পন্ন হবে। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সারা দেশের মানুষও এ গণনা প্রক্রিয়া সরাসরি দেখতে পারবে।’

গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট গণনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ‘২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করার পর প্রশাসনিক ও নীতিগত শূন্যতা বিরাজ করছিল। দায়িত্ব নেয়ার পর থেকেই সেই শূন্যতা পূরণ, ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক করা, ভর্তি কার্যক্রম সম্পন্ন করা, গবেষণায় উৎসাহিত করা এবং আবাসিক হলের ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি রাকসু নির্বাচন আয়োজনকে অগ্রাধিকার হিসেবে দেখি। প্রক্টরিয়াল টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা একযোগে কাজ করছি।’

উপাচার্য আরো বলেন, ‘বিভিন্ন পরিস্থিতি ও পক্ষগুলোর পরামর্শে নির্বাচনের তারিখ একাধিকবার পরিবর্তন করতে হয়েছে। তবে আমরা ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ। আমি বিশ্বাস করি, রাকসু নির্বাচন এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারের বিষয়। তাই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা এ নির্বাচন সফল করতে পারি, তবে বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে।’