কোন প্রকার উপসর্গ ছাড়াই মেহেরপুরে একজন যক্ষাকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি (পুরুষ) ব্র্যাকের যক্ষা প্রতিরোধ বিভাগে কর্মরত। জেলার প্রথম কভিড-১৯ রোগী নিশ্চিত হয়ে বল্লভপুর গ্রামে তার ভাড়াবাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।
আক্রান্ত ব্যক্তির বাড়ির মালিক জানান, চার মাস আগে তিনি সাতক্ষীরা থেকে বদলি হয়ে মুজিবনগর অফিসে যোগদান করে সপরিবারে আমার বাসায় ভাড়ার থাকা শুরু করে। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে। তার শরীরে কোন প্রকার উপসর্গ ছিল না। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে মানুষের সাথে মেলামেশা করতেন তিনি। তাই স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার (২১ এপ্রিল) তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠায়। পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ হওয়ায় গত মঙ্গলবার রাতে প্রশাসন আমাদেরকে অবগত করে বাড়ি লকডাউন করে।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, আক্রান্ত ব্যক্তির মধ্যে কোন উপসর্গ নেই এবং তিনি সুস্থ্য আছেন। বুধবার সকালে আমরা রিপোর্ট হাতে পাই। তাৎক্ষণিক মুজিবনগরে পুলিশ-প্রশাসনের প্রতিনিধি গিয়ে বাড়িটি লকডাউন করা হয়। তাছাড়াও এক সপ্তাহে তিনি কার কার সংম্পর্শে এসেছেন তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।










