যশোরে প্রায় ১৬ হাজার কৃষক পেয়েছেন সার ও বীজ। চলতি ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে তাদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করে কৃষি বিভাগ।
যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্রে জানা গেছে, গম আবাদের জন্য ২ হাজার চাষীকে ২০ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। ২ হাজার চাষীকে ভুট্টা আবাদের ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। সরিষা আবাদে ৬ হাজার চাষীকে দেয়া হয়েছে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, সূর্যমুখী আবাদের জন্য একশ কৃষক পেয়েছেন এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, পেঁয়াজ আবাদে ৫০০ চাষীকে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, মুগ আবাদে ৩০০ চাষী পেয়েছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং মসুর ডাল আবাদের জন্য ৫ হাজার চাষীকে দেয়া হয়েছে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, তারা সরকারের বীজ ও সার পেয়ে আবাদ শুরু করেছেন। তাদের জমিতে গম ও মসুর আবাদ করা হচ্ছে। শার্শা উপজেলার শালকোনা গ্রামের বাবুল আক্তার জানান, তাদের তিন বিঘা জমিতে মসুর আবাদ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো পাওয়া যাবে।
যশোর আঞ্চলিক কৃষি অফিসের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস জানান, প্রায় ১৬ হাজার কৃষকের মধ্যে সরকারের বীজ ও সার বিতরণ করা হয়েছে। চাষীরা এরই মধ্যে আবাদ শুরু করেছেন। আশা করছি, সব ফলনই ভালো হবে।










