ঝিনাইদহে ডাকবাংলো পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় দেন।

মৃতুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজবাড়ীর আমজাদ হোসেন, লিয়াকত হোসেন, দক্ষিণ দৌলতদিয়া গ্রামের আক্কাস আলী ও ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুর গ্রামের আলম শেখ। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ফরিদপুরের শোভারামপুর গ্রামের শাহীন, গোয়ালচামট গ্রামের মোহাম্মদ সাগর, টাপাখোলা গ্রামের নুরু খা ও যশোরের মনির হোসেন। তাদের মধ্যে আমজাদ হোসেন ছাড়া সব আসামিই পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলে পুলিশ দেখে আরোহীরা পালিয়ে যান। পরে দেখা যায় মোটরসাইকেলটি ডাকবাংলো পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মিরাজুল ইসলামের। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, ওইদিন সন্ধ্যায় মিরাজুল ইসলাম নিজের নামে ইস্যুকৃত পিস্তল, গুলি, ম্যাগজিনসহ অন্যান্য কাগজ নিয়ে মোটরসাইকেলে কর্মস্থলে রওনা হন। পরদিন সকালে মিরাজুল ইসলামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।