মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম
থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা
দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেল স্টেশন
মাস্টার সাখাওয়াত হোসেন। জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ চলছে।
আজ শনিবার (২০ মে) ভোর সাড়ে চারটা নাগাদ চট্টগ্রাম থেকে যাত্রীবাহী ট্রেনটি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল। এর আগে ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বড় একটি গাছ উপড়ে পড়ে লাইনে। ট্রেনটি সরাসরি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।
সকালে ট্রেনে আটকা পড়া যাত্রীদের উদ্ধার
করে ফায়ার সার্ভিস গন্তব্যে পাঠায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা
কবলিত ট্রেনের অক্ষত বগিগুলো উদ্ধার করে শ্রীমঙ্গল স্টেশনে আনা হয়।
রেলওয়ের উপ প্রকৌশলী (পথ) ফিরোজ গোলদার
জানান, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে।
তবে লাইন স্বাভাবিক হতে সময় লাগবে।










