হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর পয়েন্টে টমটম ইজিবাইক শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উমেদনগর পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের চৌধুরীবাজার থেকে রামপুর-সাতগ্রাম সড়কের মধ্যে চলাচলরত টমটম ইজিবাইক শ্রমিকদের দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপের নেতৃত্ব দেন শেখ হান্নান ও অপর গ্রুপের মুক্তার হোসেন। দীর্ঘদিন ধরে শহরের চৌধুরী বাজারের খোয়াই পাড়ে স্ট্যান্ড দখল নিয়ে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে আজ দুপুরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও সদর থানার ওসি মো. মাসুক আলী ঘটনাস্থলে পৌঁছে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ ব্যাপারে এএসপি রবিউল ইসলাম বলেন, ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া ৮ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।