হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাখি শিকারিদের পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে হিরণ মিয়া নামে (৪০) এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান।
দণ্ডপ্রাপ্ত হিরণ মিয়া উপজেলার শিবপাশা এলাকার পশ্চিমভাগ গ্রামের তমজিদ আলীর ছেলে।
ইউএনও জানান, ক্রেতা সেজে শুক্রবার সকালে আজমিরীগঞ্জ-বানিয়াচং সীমান্তের বনগজ এলাকায় পাখিসহ শিকারীদের ধরতে অভিযান চালানো হয়। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে হিরণ মিয়া পাখি শিকারিদের পালিয়ে যেতে সহায়তা করেন এবং সরকারি কাজে ইচ্ছাকৃতভাবে বাধা দেন।
এ অপরাধে হিরণ মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযানকালে পাখি শিকারের ফাঁদ ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত বেশ কয়েকটি পাখি মুক্ত করা হয়।










