মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কিশোরী ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গজারিয়া উপজেলার ভবেরচর হোগলাকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। শাকিল মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চাকরি করেন। নিরাপত্তার কথা ভেবে ৪ জুলাই রাতে মায়ের সঙ্গে হাসপাতালে অবস্থান করছিল ওই কিশোরী। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে গেলে জরুরি কথা আছে বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেন ছাত্রলীগ নেতা শাকিল।  কিশোরী ওই প্রস্তাবে অস্বীকৃতি জানালে তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করে শাকিল।