জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানান এবং তার নিরপেক্ষতার প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘আজকে আপনি যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এ সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। এ চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইনসাফের একটি চেয়ার।’
দায়িত্ব পালনকালে ডেপুটি স্পিকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার দায়িত্ব পালনকালীন আমাদের পক্ষ থেকে আপনার নেয়া সংগত সব পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব, ইনশা আল্লাহ।’
মানুষ হিসেবে ভুল হলে শুধরে দেয়ার যে আহ্বান ডেপুটি স্পিকার তার বক্তব্যে জানিয়েছিলেন, তার জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনি সহযোগিতা চেয়েছেন, মানুষ হিসেবে ভুল যে কেউ করতে পারে। আপনার এ চেয়ারের জায়গা থেকেও যদি এরকম কিছু হয়ে যায়, আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করি—এ দায়িত্ব আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে পালন করব, ইনশা আল্লাহ।’










