বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষিত দুইদিনের হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। তবে এর পরিবর্তে জেলা ও সব উপজেলায় অর্ধদিবস নির্বাচন অফিসের সামনে আজ ও আগামীকাল অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে যাতে বিঘ্ন সৃষ্টি না হয়, তার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।

গতকাল বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কমিটির কো-কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ও জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম।

এর আগে ১১ সেপ্টেম্বর বিকালে রোববার অবস্থান কর্মসূচি, সোমবার সকাল-সন্ধ্যা, মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সর্বদলীয় সম্মিলিত কমিটি।

গত ৩০ জুলাই দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এর পর থেকেই আন্দোলন শুরু করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণও করেন তারা। ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে কমিশন। এ আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে মনে করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।