সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে এক দর্শনার্থীর ওপর হামলা ও তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমানসহ ১০ জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার শাহজাদপুর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালত মামলার আবেদন গ্রহণ করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন কাস্টোডিয়ান হাবিবুর রহমান, বাগান মালি শফিকুল ইসলাম, বাগান ও কাউন্টার পরিচালক মজিবুর রহমান, গ্রন্থাগার পরিচালক শরীফুজ্জামান সরকার, বিদ্যুৎ ও বাগান পরিচালক সিরাজুল ইসলাম, বাগান সিকিউরিটি গার্ড আব্দুল মোমিন, নুহ শেখ, আনিসুর রহমান, রেজাউল ও বাবলু সরকার।

মামলায় অভিযোগ করা হয়েছে, ৮ জুন ভুক্তভোগী দর্শনার্থী শাহনেওয়াজ, তার স্ত্রী ও ভাতিজা রবীন্দ্র কাছারিবাড়িতে বেড়াতে যান। তারা মোটরসাইকেল নিয়ে প্রবেশের সময় টাকা নেয়া হলেও টোকেন দেয়া হয়নি। তবে বের হওয়ার সময় টোকেন না দেখানোর কারণে আসামিরা তাদের গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে প্রধান গেট বন্ধ করে কাস্টোডিয়ানের নির্দেশে শাহনেওয়াজকে লোহার পাইপ ও রড দিয়ে মারধর করা হয়। তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয় এবং তার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়। শেষে তাকে কাস্টোডিয়ানের কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয় এবং মোবাইল ভেঙে ফেলা হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেন। থানায় অভিযোগ সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ না নেয়ায় আদালতে মামলা দায়ের করা হয়।

অন্যদিকে কাস্টোডিয়ান হাবিবুর রহমানও হামলা ও ভাংচুরের ঘটনায় ১২ জনের নামে মামলা করেছেন। এ ঘটনার দায়ে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।