ঝালকাঠিতে মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল সোমবার (২৬ জুন) দিবাগত রাত ৯টার দিকে শহরের গোরস্তান মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবরটি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার।

নিহত খালেদ কাজী রবিন বাসন্ডা ইউনিয়নের চামটা এলাকার বাসিন্দা মৃত ওমর কাজীর ছেলে ও ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।

আহতরা হলেন মোটসসাইকেল আরোহী সিয়াম ও সাদী, রিকশা আরোহী মো. বেল্লাল মোল্লা ও সাইকেল চালক মোশাররফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে গোরস্তান মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের তিন আরোহী, রিকশার এক ও বাইসাইকেল চালক গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সিয়াম ও রবিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবিন।